শিরোনাম
Passenger Voice | ১০:৫৯ এএম, ২০২৬-০৭-২৪
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির বাধায় ওই ব্যক্তিরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যান।
বিজিবি জানায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন ট্রান্সজেন্ডার ছিলেন।
বিজিবি আরও জানায়, বিজিবির টহল দল ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। এতে বিএসএফের পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়।
কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, 'সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।'
উল্লেখ্য, চলতি বছরে কুষ্টিয়া-৪৭ বিজিবির দায়িত্বপূর্ণ দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফ একাধিকবার বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। এর মধ্যে ১২ জুন নারী-শিশুসহ ১২ জন, একই রাতে বিলগাতুয়া ও জয়পুর সীমান্ত দিয়ে আরও ১২ জন, ১৪ জুন চল্লিশপাড়া সীমান্ত দিয়ে একজন এবং সর্বশেষ ২৫ জুন মুন্সিগঞ্জ ঘাট সীমান্ত দিয়ে একজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে প্রতিটি ঘটনায় বিজিবির সতর্ক অবস্থান এবং কোথাও কোথাও স্থানীয় জনগণের সহযোগিতায় সব পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত