শিরোনাম
Passenger Voice | ০৪:২৬ পিএম, ২০২৬-০৭-২৩
মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভেঙে গেছে রাঙামাটির কাউখালী-রানীরহাট সড়কের একটি বেইলি সেতুর পাটাতন। ট্রাকটি এখনো সেখানে আটকে পড়ে আছে। এর ফলে কাউখালী উপজেলার সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত শনিবারও সেতুটির পাটাতন ভেঙেছিল। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেতুর পাটাতন মেরামত করলে গত মঙ্গলবার পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশের রাঙ্গুনিয়া উপজেলার সেগুনবাগান, বহড়াতল, বেতছড়ি ও ত্রিপুরা দিঘি এলাকা থেকে অতিরিক্ত ইটবোঝাই ভারী ট্রাক চলাচলের কারণে প্রতিনিয়ত এই বেইলি সেতুতে দুর্ঘটনা ঘটছে। সেতুটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও পরিবহন ব্যবসায়ীরা প্রশাসনের সেই নির্দেশনার তোয়াক্কা করছেন না।
জানতে চাইলে রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, বেইলি সেতুটি বেশ পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঁচ টনের বেশি মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেতু এলাকায় সতর্কীকরণ সাইনবোর্ডও লাগানো রয়েছে। কিন্তু চালকেরা নিয়ম না মেনে অতিরিক্ত ওজন নিয়ে চলাচলের কারণেই বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত