শিরোনাম
Passenger Voice | ০৪:০৭ পিএম, ২০২৬-০৭-২২
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে আজ একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশের বস্ত্রশিল্পের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়ন ও পুনরুজ্জীবনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সহায়তা কামনা করা হয়।
বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিটিএমএ'র প্রতিনিধিদল দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরে। তারা জানান, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বস্ত্রখাতের অবদান প্রায় ১৩ শতাংশ। একই সঙ্গে, তৈরি পোশাক খাতের মাধ্যমে দেশের মোট রফতানি আয়ের প্রায় ৮৫ শতাংশ অর্জনে এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিনিধিদল আরও জানায়, আমদানি প্রতিস্থাপনের মাধ্যমে বস্ত্রশিল্প প্রতিবছর প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে। পাশাপাশি এই খাত দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
সাক্ষাতে দেশের বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো, নতুন বিনিয়োগ উৎসাহিত করা, দেশীয় মূল্য সংযোজন বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিটিএমএ'র সভাপতি শওকত আজিজ রাসেল, বিটিএমএ সহসভাপতি এবং যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত