ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল সচল

Passenger Voice    |    ০২:৪৯ পিএম, ২০২৬-০৭-২১


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল সচল

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে উল্টে যাওয়া মালবোঝাই ট্রাকটি ফায়ার সার্ভিস সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর সার্ভিস লেনে যান চলাচল স্বাভাবিক হয়।মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী সার্ভিস লেনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে।

খবর পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতরে আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধার করে। তারা সামান্য আহত হওয়ায় ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি ঢাকা থেকে ঝিনাইদহের কালীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের এক ঘণ্টা প্রচেষ্টার পর সড়ক থেকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।