শিরোনাম
Passenger Voice | ০২:৪৮ পিএম, ২০২৬-০৭-২১
বৃষ্টিভেজা পিচ্ছিল পাহাড়ি রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাথরে ধাক্কা খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন এক বাইকার। ভারতের শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যবর্তী কার্সিয়াং ভিউ পয়েন্টের কাছে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
দুই চাকার বাহনে ভ্রমণ করতে ভালোবাসেন যারা, তাদের জন্য বাইক দুর্দান্ত। তবে বর্ষাকালে বাইক চালানো বিপজ্জনক। এমনকি জীবনঘাতীও হতে পারে। ভেজা রাস্তা, অতিরিক্ত গতি এবং ভারসাম্যের অভাব দ্রুতই কোনো বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আর পাহাড়ি রাস্তায় এই ঝুঁকি আরও বেড়ে যায়।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই বিপজ্জনক চিত্রটি ফুটে উঠেছে।
ভিডিওতে দেখা যায়, আকাশী রঙের রেইনকোট পরা একজন বাইকার বৃষ্টিভেজা রাস্তায় বেশ গতিতেই বাইক চালাচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পাথরের দেয়ালে ধাক্কা খায়। রাস্তার পাশেই রয়েছে খাড়া খাদ, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। ছিটকে রাস্তার ওপর এসে আছড়ে পড়েন। দুর্ঘটনার তীব্রতায় তার জুতো শূন্যে উড়ে যেতে দেখা যায়। এতে বাইকার আহত হয়েছেন। মোটরসাইকেলটি ভারসাম্য হারিয়ে রাস্তার পাশ দিয়ে নিচে পড়ে যায়।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জয়গাঁর ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর বাপ্পি বর্মন। নাটকীয় এই ফুটেজটি নেটিজেনদের ব্যাপক নজর কেড়েছে। অনেকেই ভেজা ও পাহাড়ি রাস্তায় বাইকারদের গতি কমিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর অনুরোধ জানিয়েছেন।
ভিডিওটি প্রায় ৫ লাখ মানুষ দেখেছেন। প্রায় ১০ হাজার মানুষ মন্তব্য করেছেন, যেখানে ব্যবহারকারীরা হাস্যরস ও সমালোচনা উভয়ভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন।
একজন ব্যবহারকারী কৌতুক করে লিখেছেন, যমরাজের মিসড কল ছিল, রিসিভ হয়নি।
আরেকজন মন্তব্য করেছেন, রাস্তায় আরেক বাইকারকে দেখুন সে আগে আহতকে ছেলেটিকে না তুলে, সে আগে বাইক তুলতে গেছে। বাইকের প্রতি ছেলেদের এই এক টান।
বেশ কয়েকজন মন্তব্যকারী এই ঘটনার জন্য চালককেই দায়ী করেছেন। একজন লিখেছেন, পুরো দোষ চালকেরই। সামনে বাঁক থাকা সত্ত্বেও সে অন্যদিকে তাকিয়ে ছিল। ভাই, দায়িত্ব নিয়ে বাইক চালান।
অন্য একজন ব্যবহারকারী সুরক্ষাসামগ্রী ব্যবহার এবং সঠিকভাবে বাইক চালানোর গুরুত্ব তুলে ধরে মন্তব্য করেছেন, ‘এ জন্যই আমরা রাইডিং বুট পরার এবং 'যেদিকে যাব সেদিকে নজর রাখার' পরামর্শ দিই।’ সূত্র: এনডিটিভি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত