ভারী বৃষ্টি হতে পারে কোন কোন বিভাগে

Passenger Voice    |    ০৪:৫৩ পিএম, ২০২৬-০৭-২০


ভারী বৃষ্টি হতে পারে কোন কোন বিভাগে

দেশের বিভিন্ন জায়গায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ বাদ দিয়ে বাকি ৭ বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় দেওয়া ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ বলেন, আজ এবং আগামীকাল মঙ্গলবার সাত বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। পরদিন বুধবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে। দক্ষিণের জেলা যেমন চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় বৃষ্টি বেশি হতে পারে। আগামীকাল রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ওমর ফারুক জানান।

এর ফলে কোথাও কোথাও জলাবদ্ধতা হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাজধানীতে এ পরিস্থিতি হওয়ার আশঙ্কার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, মূলত মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে। তবে সাগরে আরেকটি মেঘমালা তৈরি হয়েছে। এরও প্রভাব রয়েছে।

এ মাসের ৫ তারিখ থেকে দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় প্রবল বৃষ্টি হয়। টানা এই বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা, পাহাড়ধসের ঘটনা ঘটে। কয়েকটি জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।

দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ধস ও বন্যায় এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ মারা গেছেন।