শিরোনাম
Passenger Voice | ১১:১৫ এএম, ২০২৬-০৭-২০
জামালপুরের মেলান্দহে স্যালো ইঞ্জিনচালিত ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রবিবার (১৯ জুলাই) দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে একটি স্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
সিএনজিতে থাকা ৫ যাত্রী ও চালকসহ ৬ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামের মনোয়ারা বেগম (৫০) এর পরিচয় পাওয়া গেলেও অপরজন অজ্ঞাত।
দুর্ঘটনায় আহতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৪০) ও ফাতেমা নার্গিস (৫২)।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. উজ্জল কুমার সরকার জানান, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, আমাদের টিম হাসপাতালে আছে, আমরা কাজ করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত