এসএসসির ফল চলতি মাসেই

Passenger Voice    |    ১২:৫৯ পিএম, ২০২৬-০৭-১৯


এসএসসির ফল চলতি মাসেই

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের কথা থাকলেও তা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততা ও এইচএসসি পরীক্ষাকে ঘিরে নানা জটিলতার কারণে ফল প্রকাশে কয়েক দিন দেরি হচ্ছে।তবে চলতি জুলাই মাসের শেষের দিকে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। 
গতকাল শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০ জুলাই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। এইচএসসি নিয়ে নানা জটিলতার কারণে আমরা ফলাফল প্রস্তুত করতে পারিনি।

আমরা মাসের শেষের দিকে ফলাফল প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছি।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২০ জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা ছিল। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। তবে ফল প্রকাশের কাজ এগিয়ে চলছে।
 
এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন একাধিকবার ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ফল প্রকাশের প্রস্তুতি শেষ করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনাও দেয় শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী কাজ চলছিল, তবে নির্ধারিত সময়ে ফল প্রকাশ হচ্ছে না।