শিরোনাম
Passenger Voice | ০৮:৫৭ পিএম, ২০২৬-০৭-১৭
‘সুস্থ জীবন, সমৃদ্ধ দেশ; ঔষধি গাছেই বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে বৃক্ষরোপণ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আগামী তিন থেকে চার বছরের মধ্যে গামরীতলা গ্রামকে ‘ঔষধি গ্রাম’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে আয়োজকরা।
শুক্রবার (১৭ জুলাই) সকালে ফটিকছড়ির নানুপুরের গামরীতলায় অবস্থিত মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসা প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণ ও সংরক্ষণ কর্মসূচি’ পালন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণের পাশাপাশি এলাকার ৩০০ শিক্ষার্থীর মধ্যে নিম, তুলসী, বাসক, অর্জুন, হরিতকী, আমলকী ও অ্যালোভেরাসহ বিভিন্ন ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে গত তিন বছর ধরে এ এলাকায় ঔষধি গাছ রোপণের কর্মসূচি পরিচালিত হচ্ছে। আয়োজকরা জানান, গামরীতলার প্রতিটি বাড়িতে অন্তত একটি করে ঔষধি গাছ নিশ্চিত করার মাধ্যমে গ্রামটিকে একটি বিশেষায়িত ‘ঔষধি গ্রাম’ হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আয়োজকদের ভাষ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্যে ভেষজ চিকিৎসার প্রসারে এই কর্মসূচি সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ও উৎসাহে বাস্তবায়িত হচ্ছে। তিনি অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে উপস্থিত সবার উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতি, নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবার আলহাজ্ব শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। তিনি বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সহ-সভাপতি মওলানা মুহাম্মদ আবুল মনসুর, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ এ.এম. কামাল উদ্দীন, দারুত-তায়ালীম সম্পাদক মওলানা মুহাম্মদ আবুল মনছুর, জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল কবির, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম সুজন।
এ ছাড়া অনুষ্ঠানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) কক্সবাজার জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক হাফেজ মওলানা আবু মুসা, মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত