হঠাৎ বেড়েছে ক্রেডিট কার্ডে লেনদেন

Passenger Voice    |    ০৪:৩৮ পিএম, ২০২৬-০৭-১৭


হঠাৎ বেড়েছে ক্রেডিট কার্ডে লেনদেন

দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে। উচ্চ মূল্যস্ফীতি, দৈনন্দিন কেনাকাটায় কার্ড ব্যবহারের প্রবণতা বৃদ্ধি এবং বিভিন্ন ব্যাংকের আকর্ষণীয় অফারের কারণে মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালের মে মাসে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাস এপ্রিলের ৩ হাজার ৮৬৮ কোটি টাকার তুলনায় এটি ৪২০ কোটি টাকা বা ১০ দশমিক ৮৫ শতাংশ বেশি।

বার্ষিক ভিত্তিতেও প্রবৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। ২০২৫ সালের মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২০ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কার্ডে ব্যয় বেড়েছে ৩৩ দশমিক ১৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে বলা হয়েছে, মূল্যস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভোক্তাদের ব্যয় বেড়েছে। একইসঙ্গে ব্যাংকগুলোর বিভিন্ন ছাড়, ক্যাশব্যাক ও কিস্তি সুবিধা এবং বড় বিপণি বিতানগুলোতে কার্ড ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাওয়ায় ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণও বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। দেশের মোট ক্রেডিট কার্ড লেনদেনের প্রায় অর্ধেকই এ খাতে হয়েছে। এতে বোঝা যায়, দৈনন্দিন ভোগ্যপণ্য ও পারিবারিক প্রয়োজন মেটাতে ক্রমেই বেশি সংখ্যক মানুষ কার্ডের ওপর নির্ভরশীল হয়ে উঠছেন।

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মে মাসে দেশের বাইরে বাংলাদেশি কার্ডধারীরা ৪২৫ কোটি টাকার লেনদেন করেছেন— যা এপ্রিলের ৪২৪ কোটি টাকার তুলনায় প্রায় ১ দশমিক ৬ শতাংশ বেশি।

অপরদিকে বিদেশি ব্যাংক বা প্রতিষ্ঠানের ইস্যু করা কার্ড ব্যবহার করে বাংলাদেশে ব্যয় কিছুটা কমেছে। মে মাসে এ ধরনের লেনদেন হয়েছে ৩১২ কোটি টাকা, যা আগের মাসের ৩২৯ কোটি টাকার তুলনায় প্রায় ৫ শতাংশ কম। তবে বার্ষিক হিসাবে বিদেশি নাগরিকদের বাংলাদেশে কার্ড ব্যয় ১২ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যটন ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রবণতার কারণেই এ বৃদ্ধি ঘটেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাস শেষে দেশে ক্রেডিট কার্ডের মোট অনুমোদিত ঋণসীমা দাঁড়িয়েছে ৪২ হাজার ১ কোটি টাকা। এর বিপরীতে কার্ডধারীদের বকেয়া বা আদায়যোগ্য অর্থের পরিমাণ ছিল ১৪ হাজার ৩৬৫ কোটি টাকা। অর্থাৎ, মোট অনুমোদিত ঋণসীমার একটি বড় অংশ এখনও ব্যবহৃত না হলেও বিপুলসংখ্যক গ্রাহক দৈনন্দিন ব্যয় নির্বাহে ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করছেন।

আন্তর্জাতিক লেনদেনের গন্তব্য বিশ্লেষণে দেখা যায়, বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে মোট আন্তর্জাতিক লেনদেনের ১৭ দশমিক ৩ শতাংশ হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যার অংশ ৯ দশমিক ৬০ শতাংশ।

এ ছাড়া থাইল্যান্ড, সিঙ্গাপুর, সৌদি আরব, ভারত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, চীন, কানাডা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডেও উল্লেখযোগ্য পরিমাণ কার্ড ব্যয় হয়েছে।

বিশেষভাবে লক্ষণীয়, সৌদি আরবে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার এক মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে। এপ্রিল মাসে আন্তর্জাতিক কার্ড ব্যয়ের মধ্যে দেশটির অংশ ছিল ৩ দশমিক ৯৪ শতাংশ, যা মে মাসে বেড়ে ৭ দশমিক ৪৭ শতাংশে পৌঁছেছে।