শিরোনাম
Passenger Voice | ০৩:৩৬ পিএম, ২০২৬-০৭-১৪
বন্যা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ বিভিন্ন জেলায় আন্দোলন করছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে প্রথমে অনলাইনে এবং পরে সশরীরে বৈঠকে বসছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাংলানিউজকে বলেন, সব শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে বৈঠক হয়েছে। এখন সশরীরে বৈঠক করা হবে।
তিনি বলেন, মাঠপর্যায় থেকে যে তথ্য পাওয়া গেছে, তাতে পরীক্ষা স্থগিতের মতো পরিস্থিতির তথ্য মেলেনি। তবে অফলাইন বৈঠকে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিকেল ৪টার মধ্যে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া সব বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে—এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
তবে কিছুক্ষণ পর সেটি প্রত্যাহার করা হয়। পরে সংশোধিত বিজ্ঞপ্তি দেওয়া হবে জানিয়ে আগেরটি প্রচার না করার অনুরোধ জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বন্যা পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এদিকে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
এর আগে বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত