শিরোনাম
Passenger Voice | ১০:৪৪ এএম, ২০২৬-০৭-১৪
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সোমবার রাত থেকে রাজশাহীর সঙ্গে সারাদেশের আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে সব রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। তবে মালিকপক্ষ বাস চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করবে বলে জানিয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে আন্দোলন করে আসছেন শ্রমিকদের একটি বড় অংশ। নির্বাচন পরিচালনার জন্য সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়ে আসছিলেন তারা। এ বিষয়ে সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শ্রমিকদের একাংশ সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দিলেও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতিতে সাধারণ সভা আয়োজন সম্ভব নয়। তিনি প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেন।
এই প্রস্তাব প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ বৈঠক থেকেই বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। পরে রাত ৮টা থেকে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়। রাতে নির্ধারিত কয়েকটি দূরপাল্লার বাস গন্তব্যে ছেড়ে গেলেও মঙ্গলবার সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে বলে শ্রমিকরা জানিয়েছেন।
বৈঠক শেষে শিরোইল বাস টার্মিনাল এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের ব্যক্তিগত চেম্বারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
শ্রমিক নেতা মোমিনুল ইসলাম মোমিন অভিযোগ করেন, জেলা প্রশাসক নিরপেক্ষ অবস্থান না নিয়ে একটি পক্ষকে প্রাধান্য দিয়েছেন। সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি উপেক্ষা করে নজরুল ইসলাম হেলালকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ সভা আয়োজন সম্ভব নয়। বিরোধের শান্তিপূর্ণ সমাধান করে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, বৈঠকে মতবিরোধ হতে পারে, কিন্তু তার জেরে বাস চলাচল বন্ধ রাখা কিংবা হামলা-ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মালিকপক্ষ বাস চলাচল সচল রাখার পক্ষেই রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত