শিরোনাম
Passenger Voice | ০৩:৩২ পিএম, ২০২৬-০৭-১২
টানা ভারী বৃষ্টি, কমে যাওয়া দৃশ্যমানতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১২ জুলাই) ভোর থেকে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। ঢাকায় অবতরণ করতে না পেরে অন্তত দুটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে।
একইসঙ্গে অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ সম্ভব না হওয়ায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়া চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
এছাড়া আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজ, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া, দুবাই থেকে এমিরেটস, ফ্লাইদুবাই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট, মদিনা ও সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, ইউএস-বাংলার জেদ্দা ও চট্টগ্রামগামী ফ্লাইট এবং কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটসহ অর্ধশতাধিক উড়োজাহাজ আকাশে দীর্ঘসময় চক্কর দিয়ে পরে অবতরণ করে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শনিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে রোববার সকালে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যায়।
এর সঙ্গে বাতাসের গতিবেগও বেড়ে যাওয়ায় নিরাপদ অবতরণ ও উড্ডয়নে জটিলতা সৃষ্টি হয়। যাত্রী নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয় এবং অনেক ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়।
ফ্লাইট বিলম্বের প্রভাব পড়ে পুরো বিমানবন্দর পরিচালনায়। সকাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময়ের অনেক পরে পৌঁছানোয় টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তি বাড়ে। অনেক যাত্রীকে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে এবং কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট পরিচালনা ধীরে ধীরে স্বাভাবিক হবে। তবে যাত্রীদের বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, বৈরী আবহাওয়ার কারণে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট (বিএস-৩৪২) সিলেটে নিরাপদে অবতরণ করেছে। রোববার বেলা ১১টা ৩৫ মিনিটে ১৪৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুপুর ২টা পর্যন্ত প্লেনটি যাত্রী নিয়ে ছেড়ে যায়নি।
ওসমানী বিমান বন্দর এভিয়শেন সূত্র জানায়, দুবাই থেকে আসা ফ্লাইটটি রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করার কথা। কিন্তু টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় দৃশ্যমানতা কম থাকার কারণে ঢাকায় অবতরণ করতে পারেনি। নিরাপত্তা বিবেচনায় ফ্লাইটটি ডাইভার্ট করে সিলেটে আনা হয়।
দুপুর ২টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকার পরিবর্তে বেলা ১১টা ৩৫ মিনিটে ১৪৮ জন যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তিনি বলেন, আবহাওয়া অনুকূলে এলে ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। তবে টেকনিক্যাল ইস্যুর কারণে এখনো ছেড়ে যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত