শিরোনাম
Passenger Voice | ১২:৩১ পিএম, ২০২৬-০৭-১২
রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় রাকিব (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিবের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা গ্রামে। তার বাবার নাম মফিজুল ইসলাম। বর্তমানে কুড়িল বিশ্বরোড এলাকায় থাকেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান বলেন, আজ সকাল ৭টার দিকে কুড়িল বিশ্বরোডের রেলগেট পার হচ্ছিল ওই যুবকটি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে সে। পরে বিষয়টি দেখতে পেয়ে আমি তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই।
আবু রায়হান আরও বলেন, এরই মধ্যে ওই যুবকের মোবাইল ফোনে কল আসলে তার বাবার সঙ্গে আমার কথা হয়। ওই ফোনের মাধ্যমে যুবকের নাম ও তাদের দেশের বাড়ি ঠিকানা আমি জানতে পারি। পরে তার বাবাকে দ্রুত ঢাকা মেডিকেলে আসতে বলি। ওই যুবকটি একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল। এতটুকুই তার বাবার কাছ থেকে জানতে পেরেছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত