শিরোনাম
Passenger Voice | ০১:৩৮ পিএম, ২০২৬-০৭-১১
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেলপার শেখ রাতুলকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় বাসের চালক পালিয়ে গেছেন।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার একটি দল বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি স্লিপার বাস যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
আটক শেখ রাতুল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের বাসিন্দা শেখ সাইফুল ইসলামের ছেলে।
সন্দেহের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালিয়ে ৪ ও ৫ নম্বর স্লিপার সিটের নিচের পাটাতনের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবার চালানটি জব্দ করে ঘটনাস্থল থেকে বাসটির হেলপারকে আটক করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে বাসে লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আটক হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই বাসের ভেতরে লুকিয়ে রাখা ইয়াবার চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের চালক নাজমুল পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে বলে জানান তিনি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত