শিরোনাম
Passenger Voice | ০৩:৪৭ পিএম, ২০২৬-০৭-০৯
গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাঙাচোরা কাঁচা সড়কে আটকে পড়া মালবোঝাই একটি প্যাডেলচালিত ভ্যান ঠেলে চালককে সহায়তা করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমান সরকার। এ ঘটনার ১৭ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভ্যানচালকের কষ্ট দেখে এমপি মাজেদুর রহমান নিজেই ভ্যানটি ঠেলে তাকে সহায়তা করছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কেউ তার মানবিক উদ্যোগের প্রশংসা করেন, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেন।
হাসান মাহমুদ নামের এক নেটিজেন তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘স্যার, আপনার কাজে মুগ্ধ আমরা সাধারণ জনতা। আপনার মতই একজন সাদামাটা প্রতিনিধি আমাদের কাম্য।’
ফরহাদ নামের আরেক নেটিজেন লিখেছেন, ‘ভালো কাজ তবে রাস্তাগুলো ভালো করে দিলে দীর্ঘমেয়াদি সুফল পাবে জনগন। এটা মাথায় রাখতে হবে স্যার।
আলমগীর নামের একজন এক ফেসবুক পোস্টে লিখেছেন- ‘মাশাল্লাহ এমন এমপি বারবার সুন্দরগঞ্জে দেখতে চাই আল্লাহ এমপি স্যারের নেক হায়াত দান করুক আমিন ‘
সামাজিক মাধ্যমে সংসদ সদস্যের এমন কাজকে সস্তা জনপ্রিয়তা বলেও মনে করছেন কেউ কেউ।
তারিকুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘কিছু মনে করবেন না জনাব এসব সস্তা রাজনৈতিক কৌশল, আপনি উন্নয়নমূলক কাজ দেখাতে পারলে তবেই পরবর্তী সময়ের জন্য দ্বিতীয় সুযোগ থাকবে।’
বিষয়টি নিয়ে সংসদ সদস্য মো. মাজেদুর রহমান সরকার বলেন, ঘটনার দিন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হয়েছিলাম। আমার সঙ্গে দলের নেতাকর্মীরাও ছিলেন। রামজীবন ইউনিয়নের কে কই কাশদহ গ্রামে পৌঁছে দেখি মালবোঝাই একটি প্যাডেলচালিত ভ্যানগাড়ি ভাঙা কাঁচা সড়কে আটকে আছে। চালক কারও সহায়তার অপেক্ষায় ছিলেন। বিষয়টি বুঝতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকেই আমি ভ্যানটি ঠেলে তাকে সহযোগিতা করি। এ-র বেশি কিছু না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত