চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৩১ মিলিমিটার বৃষ্টি

Passenger Voice    |    ১২:২৮ পিএম, ২০২৬-০৭-০৭


চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৩১ মিলিমিটার বৃষ্টি

টানা অতিভারী বর্ষণে চট্টগ্রাম নগরে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা এই মৌসুমে সর্বোচ্চ রেকর্ড। মৌসুমি নিম্নচাপের প্রভাবে সৃষ্ট এই টানা বৃষ্টিতে নগরের নিচু এলাকাগুলো তলিয়ে গিয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

টানা বৃষ্টির ফলে নগরের আগ্রাবাদ, কাতালগঞ্জ, কাপাসগোলা, ফরিদার পাড়া, চান্দগাঁও, চকবাজারের তেলেপট্টি গলি, কাট্টলীর ঈশান মহাজন সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অনেক স্থানে বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে পড়ায় গৃহস্থালির মালামালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর স্কুল-কলেজগুলোতে পরীক্ষা ও যাতায়াতে শিক্ষার্থী এবং অভিভাবকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তায় গণপরিবহন কম থাকায় কর্মজীবী মানুষও পড়েছেন বিপাকে।

পতেঙ্গা আবহাওয়া কার্যালয় জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

আবহাওয়া অফিস আরও জানায়, বৃষ্টির এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। পরিস্থিতির উন্নতির জন্য আরও কিছুটা সময় লাগবে। এমতাবস্থায় পাহাড়ের পাদদেশে বসবাসরত বাসিন্দাদের এবং নিচু এলাকার লোকজনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলের আশঙ্কা থাকায় পাহাড়ধসের বিষয়েও বিশেষ সতর্কতা জারি করেছে সংস্থাটি।