শিরোনাম
Passenger Voice | ০৫:২৬ পিএম, ২০২৬-০৭-০৫
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আজ রোববার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। আর নিম্নচাপের প্রভাবে দেশের ছয় বিভাগের কোথাও কোথাও আগামী ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। এ নিয়ে সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া অফিস। সূত্র জানিয়েছে, নিম্নচাপের কারণে বৃষ্টি থাকতে পারে আরও কয়েক দিন। আর নিম্নচাপের কারণে দেশের চার বন্দরে সতর্কসংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অফিস আজ দুপুরের দিকে জানায়, ভারতের উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলের সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ–পশ্চিমে ছিল। এটি পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। আর এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ছয় বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা
এই মৌসুমি নিম্নচাপের কারণে আজ বেলা ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের ছয় বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যদি কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তখন তাকে ভারী বৃষ্টি বলা হয়। আর এর চেয়ে বেশি হলে তাকে অতিভারী বৃষ্টি গণ্য করা হয়।
যে ছয় বিভাগের নানা স্থানে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেগুলো হলো রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, ভারী বৃষ্টি চলার পরও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টি হলে দেশের বড় শহরগুলো, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে জলজট সৃষ্টি হয়। এবারও ভারী বৃষ্টিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে। সেই সঙ্গে এ বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভূমিধস হওয়ার আশঙ্কার কথাও বলা হয়েছে।
গতকাল শনিবার দেশের ২২টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। আজ অবশ্য তাপপ্রবাহ নেই।
ওমর ফারুক বলেন, মৌসুমি বায়ু এখন অনেকটাই সক্রিয়। আর পুবালি বাতাসও বইছে আগের চেয়ে বেশি। তাই এখন আগের চেয়ে তাপ কমে গেছে। বৃষ্টি হলে তাপ আরও কমে যেতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত