শক্তিশালী এল নিনোর আশঙ্কা করছে জাতিসংঘ

Passenger Voice    |    ০৩:৩২ পিএম, ২০২৬-০৭-০৩


শক্তিশালী এল নিনোর আশঙ্কা করছে জাতিসংঘ

জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এল নিনো শক্তিশালী রূপ নিবে বলে জানিয়েছে জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক সংস্থা।

শুক্রবার (৩ জুলাই) বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানায়, এল নিনো ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী কয়েক মাসে এটি দ্রুত শক্তিশালী হয়ে বিশ্বের বিভিন্ন স্থানে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়াবে। তাই সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

এল নিনো একটি প্রাকৃতিক ঘটনা। এতে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। এর প্রভাবে বিশ্বজুড়ে বাতাসের প্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসে। সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পর পর এল নিনো দেখা দেয়। যার স্থায়িত্ব থাকে প্রায় ৯ থেকে ১২ মাস।

জলবায়ুর এ অবস্থার পরিবর্তন এল নিনো এবং এর বিপরীত অবস্থা লা নিনার মধ্যে ওঠানামা করে। মাঝখানে থাকে নিরপেক্ষ পরিস্থিতি।

জাতিসংঘের এ সংস্থাটি এল নিনোকে দুর্বল, মাঝারি, শক্তিশালী ও অতি শক্তিশালী- এই চারটি শ্রেণিতে ভাগ করে। বর্তমান পরিস্থিতিতে এটি তৃতীয় সর্বোচ্চ অর্থাৎ ‘শক্তিশালী’ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।