শিরোনাম
Passenger Voice | ০৫:৩৭ পিএম, ২০২৬-০৭-০২
দুই বছর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এছাড়া ভারতের সঙ্গে সম্পর্কও আগের অবস্থায় ফেরেনি।
কিন্তু গত ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে। এর অংশ হিসেবে খুব শিগগিরই দুই দেশের মধ্যে আবারও ট্রেন চলাচল শুরু হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে চলাচল করা মিতালি এক্সপ্রেস চালুর কাজ চলছে। ভারতীয় রেল মন্ত্রণালয় এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ-ভারত দুই দেশের রেল কর্মকর্তারা এ ব্যাপারে বৈঠক করেছেন। এরপর মিতালি এক্সপ্রেস চালুর ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। রেললাইনের নিরাপত্তা পরীক্ষা এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় সব প্রায় সম্পন্ন। অল্প কয়েকদিনের মধ্যে ট্রেনের সময়সূচি এবং টিকিট বুকিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে।
এদিকে গত সপ্তাহ থেকে বাংলাদেশিদের আবারও টুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে ভারত। ধারণা করা হচ্ছে, নতুন করে ভিসা সেবা চালু হওয়ায় ধীরে ধীরে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসও চালু করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত