শিরোনাম
Passenger Voice | ০৫:১৬ পিএম, ২০২৬-০৭-০২
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (২ জুলাই) ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নতুন এ কর্মসূচির ঘোষণা দেন।
এ বিষয়ে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আগামী ১৫ জুলাই (বুধবার) ছাত্রদলের উদ্যোগে টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও পরদিন বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে দুই বিভাগের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
ছাত্রদলের ঘোষিত মাসব্যাপী অন্য কর্মসূচিগুলো হলো-
# ১৬ জুলাই (বৃহস্পতিবার) সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে (চট্টগ্রাম ও রংপুর বিভাগ ব্যতীত)।
# ১৮ জুলাই (শনিবার) ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে।
# ২০ জুলাই (সোমবার) গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
# ২১ জুলাই (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই আগস্টের অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী ঘটনাবলীর ওপর লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’ অনুষ্ঠিত হবে। পাশাপাশি একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের বহুল পরিচিত ছবিগুলোর একটি চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথ নাটক অনুষ্ঠিত হবে।
# ২২ জুলাই (বুধবার) জুলাই-আগস্টের সকল শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং সারা দেশে সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
# ২৪ ও ২৫ জুলাই (শুক্র ও শনিবার) জুলাই-আগস্টের সব শহিদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ সব শহীদদের কবর জিয়ারত করবেন এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেবেন।
# ৩ আগস্ট (সোমবার) জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত