বখাটেদের ছত্রভঙ্গ ও ফুটপাত দখলমুক্তে ডিএসসিসির অভিযান

Passenger Voice    |    ১০:৫৬ এএম, ২০২৬-০৭-০২


বখাটেদের ছত্রভঙ্গ ও ফুটপাত দখলমুক্তে ডিএসসিসির অভিযান

শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

গতকাল বুধবার (১ জুলাই) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এবং অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

এ সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখা, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।