শিরোনাম
Passenger Voice | ০৪:০৪ পিএম, ২০২৬-০৭-০১
চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রমকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
উদ্বোধন অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, নতুন ভবনটি নির্মাণে প্রায় ৮০ কোটি টাকা ব্যয় হয়েছে। ভবনটি থেকে ভাড়া ও বিভিন্ন সেবা বাবদ আয় দিয়ে এক বছরের মধ্যেই নির্মাণ ব্যয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে। ভবনটি থেকে প্রতি মাসে প্রায় ৫ কোটি টাকা আয় হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা বিধিমালা (আইএসপিএস কোড) অনুসরণ করে ভবনটির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বন্দরের নিরাপত্তা, সেবা সহজ করা এবং আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করতে এই ভবন যুগান্তকারী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জানানো হয়, আগে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি বন্দরের ভেতরে থাকায় প্রতিদিন প্রায় পাঁচ হাজার সেবাগ্রহীতাকে বন্দরের অভ্যন্তরে প্রবেশ করতে হতো। নতুন ভবন চালুর ফলে বন্দরের নিরাপত্তা ঝুঁকি কমার পাশাপাশি সেবাপ্রার্থীদের ভোগান্তিও কমবে।
২০২২ সালে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। ভবনের নিচতলায় রিসেপশন এবং প্রথম তলায় টোকেন বিতরণ ব্যবস্থা রাখা হয়েছে। ভবনের প্রতিটি তলায় ব্যাংকের বুথ স্থাপন করা হয়েছে। তিনটি তলায় বিভিন্ন ধরনের সেবা দেওয়া হবে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ তলা ভাড়া দেওয়া হয়েছে এবং বাকি তিনটি তলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে।
নতুন ওয়ান স্টপ সার্ভিস ভবন চালুর মাধ্যমে বন্দরের বিভিন্ন সেবা এক ছাদের নিচে আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের সদস্য, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত