শিরোনাম
Passenger Voice | ০৩:৫৬ পিএম, ২০২৬-০৬-৩০
জাপানের বিপক্ষে ১ গোলে পিছিয়ে পড়ে ম্যাচের শেষ সময়ে এসে জয় তুলে নিয়েছে ব্রাজিল। টিকিট কেটেছে শেষ ষোলোর। এদিন অবশ্য মাঠে দেখা যায়নি নেইমারকে। পুরোটা সময় ছিলেন বেঞ্চে। কেন তাকে নামানো হয়নি, জানিয়েছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ।
আনচেলত্তির দাবি, অতিরিক্ত সময়ের জন্যই নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। তবে ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে দলকে জয় এনে দেওয়ায় আর তার প্রয়োজন পড়েনি।
আনচেলত্তি বলেন, ‘আমরা অতিরিক্ত সময়ের কথা ভেবেই নেইমারকে নামানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমি তার সঙ্গে কথা বলেছিলাম। পরিকল্পনা ছিল তাকে ৬০ বা ৬৫ মিনিটের দিকে মাঠে নামানো। কিন্তু সমতায় ফিরলাম, এরপর আমি দলের ছন্দ ও ফরমেশন পরিবর্তন করতে চাইনি, কারণ তখন ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল।’
দ্বিতীয়ার্ধে নেইমারকে ড্রেসিংরুমে ওয়ার্ম-আপ করতে দেখা যায়। ম্যাচের ২৫ মিনিটের দিকে গ্যালারিতে উপস্থিত ব্রাজিল সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। তবে কিছুক্ষণ পর আনচেলত্তি তাকে ওয়ার্ম-আপ থেকে ফিরিয়ে নেন এবং অন্য খেলোয়াড়দেরই মাঠে রাখেন।
ম্যাচে প্রথমার্ধে কাইশু সানোর গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে কাসেমিরো সমতা ফেরান, আর শেষ মুহূর্তে মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেসাওরা। এই জয়ে ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত