এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবি: ‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে স্কপের কালো পতাকা মিছিল

Passenger Voice    |    ০৩:০১ পিএম, ২০২৬-০৬-৩০


এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবি: ‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে স্কপের কালো পতাকা মিছিল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। 

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় নগরের আগ্রাবাদের আক্তারুজ্জামান সেন্টার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বাদামতলি থেকে শুরু হয়ে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত কালো পতাকা মিছিল বের করা হয়। এসময় আন্দোলনকারীরা ‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’, ‘রক্ত দিব, জীবন দিব, এনসিটি-সিসিটি দিব না’, ‘দেশের বন্দর দেশের হাতে রাখতে হবে’—এসব স্লোগান দেন।

জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতনের সভাপতিত্বে এবং টিইইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত।

সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব টার্মিনাল দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে রাষ্ট্রের আর্থিক স্বার্থ, কর্মসংস্থান এবং শ্রমিকদের অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা বলেন, চট্টগ্রাম বন্দর নিজস্ব সক্ষমতায় পরিচালিত হয়ে রাষ্ট্রকে উল্লেখযোগ্য রাজস্ব দিচ্ছে। তাই লাভজনক টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। বন্দরের আধুনিকায়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন এবং দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনাতেই সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।

শ্রমিক নেতারা অভিযোগ করেন, ডিপি ওয়ার্ল্ডসহ কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে এনসিটি ও সিসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হলে বন্দরের শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও শ্রম অধিকার অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

তারা বলেন, বন্দর কোনো সাধারণ ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র ও জাতীয় সম্পদ। জনগণের মতামত উপেক্ষা করে কোনো ইজারা বা কনসেশন চুক্তি গ্রহণযোগ্য হবে না।

সমাবেশ থেকে এনসিটি ও সিসিটি ইজারার উদ্যোগ বাতিলের দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে শ্রমিক, কর্মচারী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।