শিরোনাম
Passenger Voice | ০২:৪৬ পিএম, ২০২৬-০৬-২৯
রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মো. আজাহার আলী সরকারকে (৫৭) গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৯ জুন) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
এদিকে আজ এ মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হুইল চেয়ারে করে সিএমএম আদালতের হাজতখানা থেকে আদালতের এজলাসে তোলা হয়। গ্রেপ্তার দেখানোর শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ করে আজহার বলেন, ‘আমি নির্দোষ। আমাকে সম্পূর্ণ অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে। ৭১ মঞ্চের সঙ্গে আমি জড়িত ছিলাম না।
মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার দেখানো হল।’ এসময় আদালতে শারীরিকভাবে অসুস্থ বলেও জানান তিনি।
এর আগে, গত ১৮ জুন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আখতার মোর্শেদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানিতে বলেন, আসামি ফেরাউনের চেয়ে ভয়ঙ্কর।
গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ সংগঠনের উদ্দেশ্য ছিল জাতির অর্জন মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার। আসামি ঘটনার সময় উপস্থিত ছিলেন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার পরিকল্পনা কাজে জড়িত ছিলেন। ন্যায় বিচারের স্বার্থে আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রার্থনা করছি।
গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবী মো. রিপন শুনানিতে বলেন, আসামি মারাত্মকভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। কিডনি ও লিভারের মারাত্মক সমস্যায় ভুগছেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসও রয়েছে। এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেননি আসামি কোন সন্ত্রাসী কার্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এক মামলায় জামিন না হতে হতেই নতুন করে আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।
এর আগে, গত বছরের ২৯ আগস্ট এ মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিনসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে আজহার আলীকে রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত