মাইক্রোবাসে গরু চুরির চেষ্টা,অটোচালকের বুদ্ধিতে ধরা ২ চোর

Passenger Voice    |    ১২:৫২ পিএম, ২০২৬-০৬-২৯


মাইক্রোবাসে গরু চুরির চেষ্টা,অটোচালকের বুদ্ধিতে ধরা ২ চোর

রাস্তার পাশে বাঁধা একটি বাছুর। মুহূর্তের মধ্যে সেটিকে টেনে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে পালানোর চেষ্টা করেন দুই চোর। কিন্তু এক অটোচালকের সাহসিকতা আর স্থানীয়দের তৎপরতায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। ঘটনাস্থলেই ধরা পড়ে কথিত চোরচক্রের দুই সদস্য।

রবিবার (২৮ জুন) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি গরু ও বাছুরটি রাস্তার পাশে বাঁধা ছিল। এ সময় একটি মাইক্রোবাসে বেলাল ও বিল্লাল নামে দুই যুবক বাছুরটিকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে পালানোর চেষ্টা করেন। ঘটনাটির প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক হাবিবুল্লাহ তাৎক্ষণিক বাধা দিলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই যুবককে আটক করে গণপিটুনি দেন। এ সময় মাইক্রোবাস থেকে বাছুরটিকে উদ্ধার করা হয়।

বাছুরটির মালিক আমান উল্ল্যা বলেন, আমার বাছুরটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাচ্ছিল। এলাকার মানুষ না থাকলে হয়তো আর ফিরে পেতাম না। যারা উদ্ধার করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান আটক দুই যুবককে থানায় নিয়ে যান। চুরির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
 পুলিশ জানায়, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।