ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

Passenger Voice    |    ১১:১১ এএম, ২০২৬-০৬-২৯


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। 

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৭)। এ ঘটনায় ট্রাকের চালক ও সহযোগী আহত হয়েছেন।

কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে ইটবোঝাই একটি ট্রাক চারগাছের দিকে যাচ্ছিল। পথে মান্দারপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা ওই দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। আহত ট্রাকচালক ও সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে পাঠান।