এক ঘণ্টায় বাংলাদেশের আশপাশে তিনবার ভূমিকম্পের আঘাত

Passenger Voice    |    ১০:৩৭ এএম, ২০২৬-০৬-২৯


এক ঘণ্টায় বাংলাদেশের আশপাশে তিনবার ভূমিকম্পের আঘাত

এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশের পূর্ব ও উত্তরাঞ্চলের নিকটবর্তী এলাকায় তিনটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্ত এবং ভারতের মেঘালয়ে, সুনামগঞ্জের উত্তরের এলাকায় এসব ভূমিকম্পের উৎপত্তি হয়। এর আগে রোববার রাতেও কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের সরকারি ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টা ১২ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে মণিপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং উপকেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে।

এর পাঁচ মিনিট পর, ভোর ৪টা ১৭ মিনিটে অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তবর্তী এলাকায় ৩ দশমিক ০ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এটির উপকেন্দ্র ছিল মাত্র ৭ কিলোমিটার গভীরে, যা অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত। সবশেষে ভোর ৫টা ৫ মিনিটে সুনামগঞ্জ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্যে ২ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে রোববার রাত পৌনে ১০টার দিকে কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২২ জুন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর রূপগঞ্জ-সংলগ্ন এলাকায়। কম্পনটি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলায় অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ১২ জুন সিলেট-ভারত সীমান্তসংলগ্ন এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যা দেশের উত্তর-পূর্বাঞ্চলে আতঙ্ক সৃষ্টি করেছিল। একই মাসের ৭ জুন ভুটানের পুনাখা অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল বাংলাদেশের বাইরে হলেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এর কম্পন অনুভূত হয়।