শিরোনাম
Passenger Voice | ০২:২০ পিএম, ২০২৬-০৬-২৮
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর মাঝচরে ৮৫ জন যাত্রী নিয়ে আটকা পড়া একটি লঞ্চের সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করে গন্তব্যে পৌঁছে দিয়েছে নৌ-পুলিশ।
শনিবার (২৭ জুন) রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এ ঘটনা ঘটে। এ সময় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে খবর পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে ৮৫ জন যাত্রী নিয়ে ‘এমভি বোয়ালি’ নামের একটি লঞ্চ মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে পদ্মা নদীর মাঝখানে ‘কুশিহাটা’ নামক এলাকার একটি ডুবোচরে লঞ্চটি যাত্রীসহ আটকা পড়ে। চারিদিকে ঘুটঘুটে অৃন্ধকার ও নদীর অথৈ পানির কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে লঞ্চের যাত্রীদের মধ্যে। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে সাহায্য চায়। সংবাদ পেয়ে দ্রুত দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানার পুলিশ দল উদ্ধারকারী ট্রলার এবং দুটি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
পরে অক্ষত ও নিরাপদ অবস্থায় স্পিডবোট ও ট্রলারযোগে আটকা পড়া ৮৫ জন যাত্রী উদ্ধার করে ‘এমভি চিশতিয়া’ নামের অপর একটি লঞ্চে স্থানান্তর করে রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ঘাটে পৌঁছে দেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, খবর পেয়ে দ্রুত নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌছে নিরাপদে সবাইকে উদ্ধার করে পাটুরিয়া ঘাটে পৌছে দিয়েছে। এতে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত