শিরোনাম
Passenger Voice | ০৫:৪৬ পিএম, ২০২৬-০৬-২৭
স্পেনের পর উরুগুয়ে, এরপর সৌদি আরব। টানা তিনটি ম্যাচ ড্র। ইতিহাস আর ভূগোলের সব অঙ্ক ওলট–পালট করে দিয়ে আরও একটি রূপকথা লিখল কেপ ভার্দে।
হিউস্টনের মাঠে সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আফ্রিকার এই ছোট্ট দ্বীপদেশ। আর সেখানে তাদের জন্য অপেক্ষা করছে এক রাজকীয় মঞ্চ—আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে এই পুঁচকে দ্বীপরাষ্ট্র।
মেসিদের বিপক্ষে এই লড়াইয়ের আগে কেপ ভার্দে কোচ বুবিস্তার আত্মবিশ্বাসী ঘোষণা, ‘আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।’
ম্যাচ শেষে বুবিস্তা যখন সংবাদ সম্মেলনে এলেন, তাঁর গায়ে জড়ানো ছিল দেশের জাতীয় পতাকা। এক আবেগঘন পরিবেশ। যেন শুধু একটা ফুটবল ম্যাচ নয়, গোটা দেশের অস্তিত্বকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। বুকভরা গর্ব নিয়ে বুবিস্তা বললেন, ‘এই দল যা করে দেখিয়েছে, তার জন্য আমাদের নিজেদের এবং কেপ ভার্দের মানুষ গর্ব করতে পারে।’ এরপর যোগ করেন, ‘আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে পারাটাই আমাদের জন্য অনেক বড় গর্বের ব্যাপার।’
জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপের ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। পশ্চিম আফ্রিকার উপকূলের এই দ্বীপপুঞ্জের জনসংখ্যা লাখ পাঁচেকের সামান্য বেশি।
ফিফা র্যাঙ্কিংয়ের ৬৭ নম্বর দলটি এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই অপরাজিত। যার শুরুটা হয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য এক গোলশূন্য ড্র দিয়ে। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ ড্র ।
এবার সামনে মহাতারকা লিওনেল মেসি। বুবিস্তা অবশ্য ম্যাচের ফল নিয়ে এখনই ভাবছেন না, তাঁর কাছে বড় প্রাপ্তি বিশ্ব ফুটবলে দেশের নাম উজ্জ্বল করাটাই। তাঁর ভাষায়, ‘শুরু থেকেই আমাদের অন্যতম লক্ষ্য ছিল নিজেদের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা। এই পর্যায়ে এসে আর্জেন্টিনা আর মেসির বিপক্ষে খেলতে পারাটা আমাদের দেশের জন্য দারুণ এক ব্যাপার, ম্যাচের ফল যা-ই হোক না কেন।’
বুবিস্তা মনে করেন, তাঁদের এ সাফল্য বিশ্বের বাকি তথাকথিত ‘ছোট’ দলগুলোর জন্য এক দারুণ অনুপ্রেরণা। তাঁর কথা, ‘অবশ্যই আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি। তবে একই সঙ্গে আমরা আফ্রিকারও প্রতিনিধি। এর বাইরে, আমরা বিশ্বের সব ছোট দেশের প্রতিনিধিত্ব করছি। এটাই আমাদের মিশন। আমরা একটা উদাহরণ তৈরি করেছি যে—যদি আপনি মনোযোগ আর দৃঢ়তা নিয়ে কাজ করেন, তবে আজ হোক বা কাল, লক্ষ্যে পৌঁছাবেনই।’
গ্রুপ রানার্সআপ হয়ে রূপকথার যে যাত্রা তারা শুরু করেছে, নকআউটে আর্জেন্টিনার বিপক্ষে তা কোন বাঁক নেয়, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল–বিশ্ব।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত