শিরোনাম
Passenger Voice | ০৫:২৬ পিএম, ২০২৬-০৬-২৫
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নদীর স্রোতে তলিয়ে যাওয়ার পর স্থানীয় জেলেদের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের চরাঞ্চলের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চর এলাকার আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।
এ ঘটনায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩) প্রাণে বেঁচে যান। তারা তিনজনই কাজিপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমিয়া ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।
কাজীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় মাদরাসার তিন ছাত্র গোসলের জন্য নদীতে নেমেছিল। স্রোতের কারণে দুজন নদীতে ডুবে যায় এবং একজন কোনোরকমে নদীর তীরে ওঠে। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল দিয়ে দুপুর ১২টার দিকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। খবর পেয়ে নাটুয়ারপাড়া ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত