কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Passenger Voice    |    ০২:০৪ পিএম, ২০২৬-০৬-২৫


কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে মিক কন্দ দানী (৬০) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে সীমান্তের প্রায় ১০০ গজ ভেতরে নদীর পানিতে পাথরের ফাঁকে তার দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা এলাকায় বসবাসের কারণে তিনি প্রায়ই ভারতের অভ্যন্তরে গিয়ে লাকড়ি সংগ্রহ করতেন। অনেক সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায়ও থাকতেন।

বুধবার বেলা ১১টার দিকে তিনি কাঠ ও কাঁঠাল আনতে সীমান্ত পেরিয়ে যান। এরপর সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তার ভাই নিখিল কন্দ খোঁজ শুরু করেন। একপর্যায়ে সীমান্তের ১২৬০ নম্বর পিলারসংলগ্ন পাহাড়ি তুরুং ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার মাথা ও শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলির কোনো ঘটনা ঘটেনি। সীমান্তের কাছাকাছি বাড়ি হওয়ায় তিনি প্রায়ই ওপারে যেতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।