শেরপুরে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে ৮ পুলিশ সদস্য আহত

Passenger Voice    |    ১০:৩৬ এএম, ২০২৬-০৬-২৫


শেরপুরে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে ৮ পুলিশ সদস্য আহত

শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের আট সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাইক্রোবাসে করে অভিযানে যাচ্ছিল ডিবির একটি দল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আট পুলিশ সদস্য আহত হন। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, ভারেরা বাজার এলাকায় কয়েকদিন ধরে সড়কের পাশে ড্রেনের নির্মাণকাজ চলছে। এতে এক পাশ খোঁড়া ও অন্য পাশে নির্মাণসামগ্রী থাকায় সড়কটি সংকুচিত হয়ে গেছে। ফলে ওই স্থানে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে।

শেরপুর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম খান বলেন, আমাদের একটি টিম শ্রীবরদী যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসটি উদ্ধারে কাজ চলছে।