শিরোনাম
Passenger Voice | ১১:৩৪ এএম, ২০২৬-০৬-২৪
জার্মানিজুড়ে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দেশটির জাতীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডয়চে বান জানিয়েছে, রেলওয়ের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার গভীর রাতে সব ট্রেন থামিয়ে দিতে হয়েছে। ডয়চে বান তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, রেল নেটওয়ার্ক পরিচালনার জন্য ব্যবহৃত জিএসএম-আর ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় দেশব্যাপী ত্রুটি দেখা দিয়েছে। এই সমস্যার কারণে ট্রেনচালক, নিয়ন্ত্রণ কেন্দ্র এবং রেল পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের মধ্যে স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। চলন্ত ট্রেনগুলোকে নিকটবর্তী স্টেশনগুলোতে নিয়ে গিয়ে থামিয়ে রাখা হয়।
তবে এই প্রযুক্তিগত সমস্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ডয়চে বান বলেছে, তাদের প্রযুক্তিবিদরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন এবং যোগাযোগ ব্যবস্থা সচল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠানটি এখনো জানায়নি, ঠিক কত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। একই সঙ্গে কতসংখ্যক ট্রেন ও কতজন যাত্রী এই সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন, সে সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জার্মানির জনপ্রিয় সংবাদপত্র বিল্ডের প্রতিবেদনে ডয়চে বানের প্রধান নির্বাহী কর্মকর্তা এভেলিন পালার বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলেন, 'আমরা এখন ট্রেনগুলোকে স্টেশনগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে যাত্রীরা নিরাপদে নেমে যেতে পারেন। এরপর আমাদের সমস্যাটি সমাধান করতে হবে। কিন্তু এই মুহূর্তে আমরা জানি না সমস্যার প্রকৃত কারণ কী।'
রেলওয়ে খাতে ব্যবহৃত জিএসএম-আর বা ‘গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস–রেলওয়ে’ হলো একটি বিশেষ ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা।
এর মাধ্যমে ট্রেনচালক, নিয়ন্ত্রণ কেন্দ্র এবং রেল পরিচালনাকারী কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা আদান-প্রদান করা হয়। বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থা সঠিকভাবে কাজ না করলে ট্রেন পরিচালনা নিরাপদভাবে চালিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই যোগাযোগ ব্যবস্থা বিকল হলে ট্রেন চলাচল বন্ধ রাখা ছাড়া বিকল্প থাকে না। ইউরোপীয় ইউনিয়ন রেলওয়ে সংস্থার তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে ইউরোপের বিভিন্ন দেশে রেল পরিচালনার অভিন্ন মান হিসেবে জিএসএম-আর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এটি ইউরোপের রেল যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
জার্মানির রেল নেটওয়ার্ক ইউরোপের সবচেয়ে বড় ও ব্যস্ত রেলব্যবস্থাগুলোর একটি। প্রতিদিন লাখো মানুষ যাতায়াতের জন্য এই নেটওয়ার্কের ওপর নির্ভর করেন। ফলে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা যাত্রীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। অতীতে জার্মানিতে কয়েকবার বড় পরিসরে ট্রেন চলাচল ব্যাহত হলেও সেসব ঘটনা মূলত ঝড় বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটেছিল। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা খুবই বিরল।
কর্তৃপক্ষ বলছে, সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে না। এদিকে হাজারো যাত্রী স্টেশনগুলোতে আটকে পড়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত