শিরোনাম
Passenger Voice | ১১:০২ এএম, ২০২৬-০৬-২৪
মোটরযান বিক্রির পর নির্ধারিত নিয়মে মালিকানা পরিবর্তন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি বলছে, মালিকানা পরিবর্তন না করে যানবাহন সড়কে চালানো হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৪ জুন) প্রকাশিত বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রয়ের পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে মালিকানা পরিবর্তন ছাড়াই ক্রেতারা মোটরযান সড়ক ও মহাসড়কে চালাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কারণে বিক্রেতাকে সংশ্লিষ্ট মোটরযানের জন্য নির্ধারিত অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হচ্ছে। ফলে বিক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিআরটিএ জানায়, সেবা সহজীকরণের অংশ হিসেবে মালিকানা পরিবর্তনের আবেদন অনলাইনে জমা দেওয়ার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করে একই দিনে মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি নতুন মালিকও একই দিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সনদের জন্য বায়োমেট্রিক তথ্য দিতে পারছেন।
এ অবস্থায় মোটরযানের মালিকানা পরিবর্তনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত