সড়কে ফিটনেসবিহীন যানবাহন চললে ব্যবস্থা নিবে বিআরটিএ

Passenger Voice    |    ১০:৫৯ এএম, ২০২৬-০৬-২৪


সড়কে ফিটনেসবিহীন যানবাহন চললে ব্যবস্থা নিবে বিআরটিএ

ফিটনেস সনদবিহীন, ঝুঁকিপূর্ণ বা পরিবেশ দূষণকারী মোটরযান সড়ক ও মহাসড়কে চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অন্যথায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বুধবার (২৪ জুন) প্রকাশিত বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫(১) অনুযায়ী ফিটনেসের অনুপযোগী, ঝুঁকিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত, রংচটা, জরাজীর্ণ, বিবর্ণ কিংবা পরিবেশ দূষণকারী কোনো মোটরযান সড়ক বা মহাসড়কে চালানো যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের মোটরযান সড়ক বা মহাসড়কে চালানো সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৭৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই, সব মোটরযান মালিক ও চালককে হালনাগাদ ফিটনেস সনদ ছাড়া কোনো যানবাহন সড়কে না চালানোর অনুরোধ জানানো হয়েছে।

বিআরটিএ বলেছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।