ধামরাইয়ে উচ্ছেদ অভিযানে হকারদের হামলা

Passenger Voice    |    ০৫:১৫ পিএম, ২০২৬-০৬-২৩


ধামরাইয়ে উচ্ছেদ অভিযানে হকারদের হামলা

ঢাকার ধামরাইয়ে সওজের জমিতে অবৈধ ফটুপাত উচ্ছেদ অভিযানে হকাররা হামলা করেছেন। এ ঘটনায় বুলডোজার চালক ও তার সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় উচ্ছেদ অভিযানের সময় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- বুলডোজার চালক মনির হোসেন (৪৮) ও সহকারী আব্বাস হোসেন (৩৫)।

সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপবিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, আজ দুপুরে সওজের জমিতে অবৈধ ফুটপাত দখলমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি দোকান উচ্ছেদের পরে উত্তেজিত হকাররা বুলডোজার চালক ও সহকারীর ওপর হামলা করে। এতে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায় এবং আহত অবস্থায় বুলডোজার চালকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান তিনি।

উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা ধামরাই সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি ঢাকা পোস্টকে বলেন, ধামরাই ঢুলিভিটা এলাকায় সওজের জমি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হয়। কিন্তু অভিযানের কিছু সময় পরে দোকানি হামলা করেন। এ ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।