রক্ষণাবেক্ষণ কাজে কর্ণফুলী টানেলে ২৫-৩০ জুন রাতে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

Passenger Voice    |    ১১:৫৫ এএম, ২০২৬-০৬-২২


রক্ষণাবেক্ষণ কাজে কর্ণফুলী টানেলে ২৫-৩০ জুন রাতে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন চট্টগ্রামে কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত রাতের বেলায় নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করা হবে।

আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ থেকে ৩০ জুন প্রতিদিন দিবাগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যান চলাচল অব্যাহত রাখা হবে। এ সময় টানেলের বিদ্যমান যানবাহনের চাপের ওপর নির্ভর করে উভয় প্রান্তে যাত্রী ও চালকদের ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে সড়ক ব্যবহারকারীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।