শিরোনাম
Passenger Voice | ০৪:১০ পিএম, ২০২৬-০৬-২১
সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি। ইতোমধ্যে পাহাড়ি ঢলের পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৫০ হাজরেরও বেশি মানুষ।
রোববার (২১ জুন) দুপুরে তাহিরপুরের আনোয়ার পুরের সড়ক ডুবে যাওয়ায় এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জানা গেছে, গত দুই দিন ধরে সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, পাশাপাশি ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ি ঢলে ক্রমাগত বাড়ছে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি। তবে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক ডুবে যাওয়ায় একদিকে যেমন তাহিরপুর উপজেলা জেলা শহরের সঙ্গে সড়ক পথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তেমনি ওই সড়কে ছোট বড়ো প্রায় শতাধিক যানবাহন সড়কে আটকা পড়ে। তবে বিকল্প পথ হিসেবে নৌকা দিয়ে বাড়তি ভাড়া দিয়ে জেলা শহরের আসছেন ওই এলাকার বাসিন্দারা। এতে ভোগান্তিতে পোহাতে হচ্ছে ৫০ হাজারের বেশি মানুষের।
তাহিরপুর থেকে জেলা শহরে এসে কাদির মিয়া বলেন, রাতেই সুনামগঞ্জ থেকে তাহিরপুর এসেছি মেয়েকে সদর হাসপাতালে রেখে। এখন সুনামগঞ্জে যাওয়ার জন্য বাসা থেকে আনোয়ারপুরে এসে দেখি সড়ক ডুবে গেছে। গাড়ি নিয়ে সুনামগঞ্জে যেতে পারছি না।
ভোগান্তিতে পড়া আলহাদি মিয়া বলেন, তাহিরপুর থেকে সুনামগঞ্জে যাবো৷ কিন্তু ঢলের পানিতে সড়ক ডুবে গেছে। এখন চরম ভোগান্তিতে পড়েছি।
স্থানীয় বাসিন্দা মুসা বলেন, সুনামগঞ্জ থেকে সকালেও তাহিরপুর গিয়েছিলাম মোটরসাইকেল নিয়ে। এখন সুনামগঞ্জ ফিরবো, এসে দেখি আনোয়ার পুর সড়ক ডুবে গেছে। এতে নৌকায় করে মোটরসাইকেল পার করেছি বাড়তি টাকা দিয়ে।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, সকালেও আনোয়ারপুর সড়কে কম পানি ছিল তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ঢলের পানিতে সড়কটি তলিয়ে যায়। এতে এই সড়ক দিয়ে চলাচল করা মানুষরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে বৃষ্টিকমলে সড়ক থেকে পানি নেমে যাবে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা নদীর পানি বেড়েই চলেছে। ইতোমধ্যে সুরমা নদীর পানি ৭৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৫ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত