শিরোনাম
Passenger Voice | ০৫:০৭ পিএম, ২০২৬-০৬-১৭
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) সকাল ১১টার দিকে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও তার ভাই হাচেন প্রামাণিক। তারা উভয়েই মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে।
আহতরা হলেন- হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে চারজন যাত্রী অটোরিকশাযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই আব্দুল খালেক প্রামাণিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাচেন প্রামাণিকের মৃত্যু হয়।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত