নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বিআরটিসি বাস

Passenger Voice    |    ০৪:৪৫ পিএম, ২০২৬-০৬-১৭


নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বিআরটিসি বাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসি বাস উল্টে ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মুরাদনগর রাস্তার মাথায় উল্টো দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুমিল্লার চান্দিনা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল বিআরটিসির বাসটি। দুপুর ১টার দিকে দাউদকান্দির মুরাদনগর রাস্তার মুখে এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে সড়ক বিভাজকের ওপর পড়ে যায়। এতে ১০-১২ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন। গুরুতর দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি জাকির শিকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর আগেই স্থানীয় লোকজন আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। আমরা বাসটিকে রেকার দিয়ে উদ্ধার করেছি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপর যাত্রীদের অন্য বাসে তুলে গন্তব্যে পাঠানো হয়েছে।