শিরোনাম
Passenger Voice | ১১:৪৩ এএম, ২০২৬-০৬-১৬
মাগুরার সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের শ্রীরামপুর উত্তরপাড়া গ্রামে নববধূকে নিতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় রাস্তার পাশের একটি পিলার ভেঙে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার ১৫ (জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আরব আলী সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে গিয়ে ইটের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নববধূকে তুলে নিতে কনেপক্ষ মাইক্রোবাস নিয়ে বরের বাড়িতে আসে। পথে বরের চাচা আকামত বিশ্বাসের বাড়ির কাছে রাস্তার পাশে একটি পিলারে মাইক্রোবাসের ধাক্কা লাগলে সেটি ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এ সময় প্রতিবেশী আরব আলীও উভয় পক্ষকে শান্ত করতে এগিয়ে যান। অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে সাখাওয়াত হোসেনের বাড়ির ছাদ থেকে নিক্ষেপ করা একটি ইট তার মাথায় পড়ে আহত হন।
পরে স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আকামত বিশ্বাস (৬০) আহত হন। তাকে মাগুরা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জড়িত সাখাওয়াত হোসেন ও তার দুই ছেলেকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত