শিরোনাম
Passenger Voice | ১২:২৯ পিএম, ২০২৬-০৬-১৪
নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আসিফ ও আরিফ নামে দুই সহোদর ভাই নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) রাতে উপজেলার কানকিরহাট- সোনাইমুড়ী সড়কের কেশারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আসিফ ও আরিফ। তারা সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির সিএনজিচালিত অটোরিকশা চালক মো. আলমের ছেলে।
একই ঘটনায় শাওন নামে আরও একজন আহত হয়েছে। তিনি একই এলাকার আরেক সিএনজি অটোরিকশার চালক মো. শাহজাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে তিন আরোহী নিয়ে দ্রুতগতির মোটরসাইকেল কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে মুন্সি দোকান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত