মোংলায় নৌপথে ডাকাতি-চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

Passenger Voice    |    ০২:৫১ পিএম, ২০২৬-০৬-১২


মোংলায় নৌপথে ডাকাতি-চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

নৌপথে অব্যাহত ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে পৌর শহরের মামার ঘাট এলাকায় বাংলাদেশ নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন মোংলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ করা না হলে নৌযান ধর্মঘট এবং কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে সংগঠনটির মোংলা শাখার সভাপতি গাজী মাইনুল ইসলাম মনু বলেন, গত শনিবার সুন্দরবনের অভ্যন্তরে শিবসা নদী সংলগ্ন শিংয়ের নালা নৌপথে ‘এম.ভি আব্দুল হাকিম-০১’ নামক একটি কার্গো জাহাজে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। ওই সময় হামলাকারীরা কার্গো জাহাজের স্টাফদের ব্যাপক মারধর করে মালামাল লুটে নেয়। একই সঙ্গে তারা আতঙ্ক সৃষ্টি করতে জাহাজের মাস্টার ব্রিজে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।

নৌপথে এমন অনাকাঙ্ক্ষিত ও সশস্ত্র হামলার ঘটনার পরও প্রশাসন এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারায় মানববন্ধনে অংশ নেওয়া নৌযান শ্রমিক-কর্মচারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অচিরেই এই চক্রটিকে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা অবিলম্বে নৌপথে সাধারণ শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ টহল বাড়ানোর জোর দাবি জানান।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন নৌযান শ্রমিক-কর্মচারী নেতা মো. সোহাগ চৌধুরী, মো. বেলাল হোসেন, অপূর্ব মন্ডল, তরিকুল ইসলাম মাস্টার, কনক মাস্টার ও মো. রিয়াজ।