শিরোনাম
Passenger Voice | ১১:১৪ এএম, ২০২৬-০৬-০৮
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হাওয়াই রোড এলাকায় সড়কের মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ও টিকটক ধারণ করছেন আর্জেন্টিনা ফুটবল দলের একদল সমর্থক। এসময় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
রোববার (৭ জুন) বিকেলে উপজেলার হাওয়াই রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায় আর্জেন্টিনার জার্সি গায়ে কয়েকজন তরুণ সড়কের মাঝখানে দাঁড়িয়ে একটি গান বাজিয়ে বিভিন্ন ভঙ্গিতে ভিডিও তৈরি করতে থাকেন। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের গতি কমে যায়।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানানোর প্রবণতা অনেক বেড়েছে। কিন্তু ভিডিও করার জন্য ব্যস্ত সড়কের মাঝখানে দাঁড়িয়ে পড়া মোটেও ঠিক নয়। এতে যেমন যান চলাচলে বিঘ্ন ঘটে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। বিনোদনের নামে এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকা উচিত।
রাস্তার মাঝখানে ভিডিও ধারণের বিষয়ে আর্জেন্টিনা সমর্থক ও আয়োজনের উদ্যোক্তা রাহিদা লগ্না বলেন, ‘আমরা আর্জেন্টিনাকে নিয়ে একটি মৌলিক গানের মিউজিক ভিডিও নির্মাণ করছি। এটি কোনো টিকটক ভিডিও নয়, বরং পরিকল্পিত একটি মিউজিক ভিডিও তৈরি করেছি। দুপুরের সময় মানুষের চলাচল কম থাকায় এবং স্থানটির সৌন্দর্য তুলে ধরতেই সেখানে ভিডিও ধারণ করা হয়েছে। আমাদের উদ্দেশ্য কাউকে ভোগান্তিতে ফেলা নয়।’
রাহিদা লগ্না আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করছি। ভিডিওটি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য হচ্ছে, তবে আমাদের মূল লক্ষ্য ছিল মাদারগঞ্জের সৌন্দর্য ও সম্ভাবনাকে তুলে ধরা। আমি মাদারগঞ্জের মেয়ে। এই এলাকার প্রতি আমার একটি দায়বদ্ধতা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশেও কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু নিজের এলাকার সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরার ইচ্ছা থেকেই আমরা এই আয়োজন করেছি।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত