শিরোনাম
Passenger Voice | ০৪:১০ পিএম, ২০২৬-০৬-০৬
ঈদ-পরবর্তী সময়ে যমুনা সেতু এলাকা ও পশ্চিম সংযোগ মহাসড়কে যানজট ও ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা। পরিস্থিতি এড়াতে অনেকেই এখন ঝুঁকি নিয়েই নদীপথে বিকল্প পথে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন।
শনিবার (৬ জুন) সকাল থেকে চৌহালী উপজেলার এনায়েতপুর নৌঘাটসহ যমুনা নদীর বিভিন্ন ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা যায়। শিশু, নারী ও বৃদ্ধসহ অনেকে ব্যাগপত্র নিয়ে গাদাগাদি করে নৌকায় নদী পার হচ্ছেন।
স্থানীয়রা জানান, ঈদ শেষে কর্মস্থলে ফেরার চাপের কারণে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। কোথাও কোথাও ধীরগতিতে যান চলাচল করায় সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে নদীপথ বেছে নিচ্ছেন।
যাত্রী গোলজার হোসেন বলেন, যমুনা সেতুর দিকে অনেক যানজট ছিল। তাই রাস্তায় না গিয়ে নৌকায় চৌহালী পার হয়ে ঢাকায় যাচ্ছি।
স্থানীয় মো. আবুল খায়ের মিয়া বলেন, নৌপথে ঝুঁকি আছে। হঠাৎ আবহাওয়া খারাপ হতে পারে, আবার অনেক নৌকায় নিরাপত্তা সরঞ্জামও নেই।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে নৌঘাটগুলোতে যাত্রী চাপ বাড়তে থাকে। প্রতিটি নৌকায় গড়ে শতাধিক যাত্রী পারাপার হচ্ছেন। অধিকাংশই সময় বাঁচাতে ও যানজট এড়াতে বিকল্প পথ হিসেবে নদীপথ বেছে নিচ্ছেন।
এদিকে যমুনা সেতু এলাকা ও পশ্চিম সংযোগ মহাসড়কে সকাল থেকে থেমে থেমে যান চলাচল এবং ধীরগতির পরিস্থিতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে সড়কের ভোগান্তি এড়াতে নদীপথে যাত্রীর চাপ আরও বেড়েছে। তবে, দুপুর ২টা থেকে স্বাভাবিক হতে শুরু করেছে মহাসড়ক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত