শিরোনাম
Passenger Voice | ০৩:৫৭ পিএম, ২০২৬-০৬-০৬
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে রাজধানীমুখী মানুষের চাপ অব্যাহত থাকলেও উত্তরবঙ্গে ফেরা মানুষের সংখ্যা তার চেয়েও বেশি। তাই যমুনা সেতুতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ঢাকামুখী লেন। যানজট নিরসনে সেতুর উভয় লেন ব্যবহার করে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে।
শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, যমুনা সেতুর পূর্ব প্রান্ত তথা টাঙ্গাইল অংশে উত্তরবঙ্গমুখী যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ কমাতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে সাময়িকভাবে ঢাকামুখী টোল প্লাজা বন্ধ রাখা হয়েছে। ফলে যমুনা সেতুর উভয় লেন দিয়েই উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করছে। এ কারণে সিরাজগঞ্জ অংশে ঢাকামুখী যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে এবং ফলে সিরাজগঞ্জ মহাসড়কে আবার যানজট দীর্ঘ হচ্ছে৷
নাম প্রকাশ না করার শর্তে সিরাজগঞ্জ মহাসড়ক থেকে এক পুলিশ সদস্য বলেন, আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছি। সেতুর পূর্বপাড়ে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার যানজট হয়েছে। তাই ঢাকামুখী লেন বন্ধ রেখে সেতুর দুই প্রান্ত দিয়ে উত্তরবঙ্গের যানবাহন চলছে। স্বাভাবিক হলেই আবার দুই লেনই স্বাভাবিক করা হবে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, প্রায় ২০ থেকে ২৫টি যানবাহন বিকল হয়েছিল যমুনা সেতুতে। তাই এই দীর্ঘ যানজট। সেসব যানবাহনের মধ্যে বেশিরভাগই লক্কর-ঝক্কর। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছি যনাজট নিরসনে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল মিয়া বলেন, মহাসড়কে এখন যানবাহনের চাপ রয়েছে। কিন্তু যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। আশা করছি দুপুরের পর থেকে যানবাহন চলাচল একদম স্বাভাবিক হয়ে যাবে।
ঈদের ছুটি শেষে অনেক মানুষ কর্মস্থলে ফিরলেও এখনো বিপুল সংখ্যক মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াত করায় যমুনা সেতুতে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত