সীতাকুণ্ডে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫

Passenger Voice    |    ০১:৩৬ পিএম, ২০২৬-০৬-০৬


সীতাকুণ্ডে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশের একটি টহল গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়েছে অজ্ঞাত একটি যানবাহন। এতে এক সার্জেন্টসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

‎বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার নুনাছড়ায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

‎আহতরা হলেন- সার্জেন্ট মো. শামীম হোসেন, কনস্টেবল মো. আনিসুর রহমান, মো. আব্দুল হান্নান, মো. শাহ আলমসহ পাঁচজন। 

‎কুমিরা হাইওয়ে থানা জানায়, মহাসড়কে দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশের টহলরত পিকআপ সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলে। এ সময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িতে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ‎পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত পুলিশ সদস্যরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছে এবং সবাই ভালো আছেন।

‎কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আবছার জানান, গাড়িটিকে সনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। মহাসড়কে বসানো ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) মাধ্যমে গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলছে।