কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

Passenger Voice    |    ০১:২৮ পিএম, ২০২৬-০৬-০৬


কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, সকালে মোটরসাইকেলে করে বা‌ড়ি ফেরার প‌থে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপেভ্যান সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছেলে সিদ্দিক শেখকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, নিহতরা বাবা-‌ছে‌লে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায়  আইনি ব্যবস্থা নেওয়া হবে।